রাজশাহী সিটি কলেজে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে কলেজের কক্ষ ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পরীক্ষার কারণে কলেজ চত্বরে মিছিল করতে বাধা দেওয়ায় তাঁরা এ হামলা চালান।কলেজের শিক্ষকেরা বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে গতকাল এইচএসসির গণিত, মনোবিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে ছাত্রলীগ মিছিল বের করে। এ সময় পরীক্ষা বাধাগ্রস্ত হওয়ার কারণে একজন শিক্ষক তাদের মিছিল করতে নিষেধ করেন। এর ১০ মিনিটের মধ্যে ছাত্রলীগের ১০-১২ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে ২১৮ নম্বর কক্ষে প্রবেশ করে টেবিল-চেয়ার ভাঙচুর শুরু করে। ওই কক্ষে গণিত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা চলছিল। হামলাকারীরা প্রায় ১৫ মিনিট ধরে ওই কক্ষে ভাঙচুর চালায়। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় বেঞ্চের মধ্যে পড়ে গিয়ে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী হাত-পায়ে আঘাত পায়। হামলাকারীরা বের হয়ে যাওয়ার পরে আবার পরীক্ষা নেওয়া হয়।ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুজ্জামান জানান, কলেজে তেমন কিছু হয়নি বলে জেনেছেন।