মিছিল করার অনুমতি নেই, কালো পতাকা দেখাবে ১৯ দল
বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটকে রাজধানীতে কালো পতাকা মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। ফলে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন আজ বুধবার মিছিলের বদলে ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শন করবে ১৯ দল। পুলিশ বলেছে, নিরাপত্তাজনিত কারণে বিএনপিকে রাজধানীতে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, পুলিশ মিছিলের অনুমতি না দিলে ১৯ দল রাজধানীতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে। তবে ঢাকার বাইরে জেলা, উপজেলা ও মহানগরে পূর্বঘোষিত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ জানুয়ারি এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা সাধারণ নির্বাচন বিএনপি বর্জন করে।
বিএনপির পক্ষ থেকে দুটি রুটের যেকোনো একটিতে মিছিলের কর্মসূচি পালনের অনুমতি দিতে পুলিশের কাছে আবেদন করা হয়। এর একটি হলো নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত। অন্যটি হলো সোহরাওয়ার্দী উদ্যান হয়ে মতিঝিল পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিরাপত্তাজনিত শঙ্কা থাকায় বিএনপিকে রাজধানীতে মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন অবশ্য আশা প্রকাশ করেছিলেন, সরকারের ‘শুভবুদ্ধির উদয় হবে’ এবং কর্মসূচি পালনের অনুমতি দেবে। তিনি তখন বলেন, এ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।
সংবাদ সম্মেলনে রিপন অভিযোগ করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি একজন সমাজসেবী ও বিদুষী নারী। শুধু তারেক রহমানের শাশুড়ি হওয়ায় সরকার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁকে হয়রানি করার চেষ্টা করছে।
দুর্নীতিবাজ মন্ত্রী ও সাংসদদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি টিআইবির আহ্বানকে স্বাগত জানিয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে, জনগণের সম্পদ লুট করে আঙুল ফুলে বটবৃক্ষ হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হোক।’