মিছিল করায় ছাত্রফ্রন্টের চার নেতা আটক, ঘুরে বেড়াচ্ছে অস্ত্রধারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করার অভিযোগে গতকাল শনিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চার নেতাকে আটক করে পুলিশ। পরে প্রক্টরের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে অস্ত্র ব্যবহারের অভিযোগে এখনো ছাত্রলীগের কাউকে পুলিশ আটক করতে পারেনি। তারা প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার ১০-১৫ জন নেতা-কর্মী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষাঙ্গনের সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। টুকিটাকি চত্বর থেকে মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় সংগঠনের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্যসচিব আলমগীর হোসেন, রিহান মাহমুদ ও তৌফিকুর রহমানকে আটকের পর থানায় নেওয়া হয়। এ সময় পুলিশ তাঁদের ব্যানারও ছিঁড়ে ফেলে। ছাড়া পাওয়ার পর ছাত্রনেতা সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, আটক করার সময় পুলিশ তাঁদের লাঞ্ছিত করেছে এবং অশালীন ভাষায় গালাগাল দিয়েছে। প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি শিপন আহম্মেদ অভিযোগ করেন, প্রগতিশীল ছাত্রজোটের শান্তিপূর্ণ মিছিল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়কসহ চারজনকে পুলিশে আটক করেছে। অথচ গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের সময় প্রকাশ্যে যে ছাত্রলীগের নেতাদের গুলি ছুড়তে এবং পুলিশের সামনে পিস্তলে গুলি ভরতে দেখা গেছে, তাঁরা ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মামলাও করেনি। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে, সে জন্য ছাত্রফ্রন্টের ওই নেতাদের সাময়িক আটক করা হয়। তবে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি। অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের প্রধান কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। পরীক্ষা শেষ হলে তাদের আইনের আওতায় আনা হবে।