মিছিল করে, বাড়ি গিয়ে ভোটারদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট দিতে আসিস না, পিঠের চামড়া থাকবে না।’ দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়ে যাওয়ার পর গত শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে বিএনপি ও জামায়াতের আলাদা দুটি মিছিল থেকে এভাবেই ভোটারদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।
জেলার চারটি নির্বাচনী এলাকার সর্বত্র গতকাল শনিবারও ভোটারদের আতঙ্কিত করে তোলার মতো ঘটনা ঘটানো হয়েছে। আটটি ভোটকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার রূপদিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন জামায়াত-শিবিরের তিনজন কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের অনেকে জানান, জামায়াত-অধ্যুষিত ওই ইউনিয়নে মিছিল করেই ক্ষান্ত হয়নি জামায়াত-শিবির। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে ভোটারদের।
গতকাল শনিবার আওয়ামী লীগের সমর্থক পর্যায়ের অনেক লোকজন এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানালেন মনিরামপুর শহরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের এক নেতা।
শুক্রবার রাতে ও শনিবার সকালে মনিরামপুরের সাতটি ভোটকেন্দ্রে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিজয়রামপুর গ্রামে নিতাই পালের বাড়ির দুটি কুঁড়েঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন ঘটনাগুলো নিশ্চিত করে বলেন, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের এ ঘটনাগুলোতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সরেজমিনে কয়েলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা গেছে, বিদ্যালয়ের তিনটি বেঞ্চ, একটি টেবিল এবং বাঁশের তৈরি বেড়া পুড়ে গেছে। বাঘারপাড়ার আজমপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রেও আগুন দেওয়া হয়েছে। তবে এটি কোনো ভোটকেন্দ্র নয়।
ভোটকেন্দ্র না হওয়ার পরও মাদ্রাসায় আগুন দেওয়ার বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম বলেন, হয়তো জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই আগুন দেওয়া হয়েছে।
যশোর জেলার ছয়টি আসনের চারটিতে নির্বাচন হচ্ছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে নাশকতার ঘটনা ঘটেছে। তবে কোথাও কেন্দ্র বাতিল করার মতো কোনো ঘটনা ঘটেনি।
র‌্যাব-৬ যশোর এলাকার উপপরিচালক মেজর আহসান হাবীব বলেন, র‌্যাবের একটি টহল দল জেলা সদরের রূপদিয়া এলাকায় গেলে হঠাৎ করেই তাঁদের ওপর হামলা হয়। এতে র‌্যাবের একজন সদস্য আহত হন। এ সময় র‌্যাব তিন-চারটি গুলি করে। কেউ হতাহত হয়নি।
পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, পুরো জেলাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষভাবে সতর্ক রয়েছে।