লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকার ওপর ছাত্রলীগের হামলা ও মারধরের ঘটনায় গত রোববার জামিনে মুক্তি পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী।এরপর রাত আটটার দিকে তাঁকে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে মিছিল শুরু করেন। এ সময় তাঁরা মিছিল নিয়ে থানায় প্রবেশ করলে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডা হয়। ১০ সেপ্টেম্বর কেয়া বেগম নামের এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। এতে চিকিৎসক-সেবিকাসহ ১০ জন আহত হন। পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম বলেন, ওমর ফারুক জামিনে আসার পর নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন। মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য নেতা-কর্মীরা স্লোগান দিয়ে থানা গেটে যান। এ সময় বিনা উসকানিতে পুলিশ মিছিলে বাধা দেয়। এ জন্য পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। রায়পুর থানার উপপরিদর্শক সৈয়দ জাকির হোসেন বলেন, ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে থানা গেটে এলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। তা ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে এখনো পুলিশ মোতায়েন রাখা হয়েছে।