মিছিল মানববন্ধন অনশনে নাশকতা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুড়ছে মানুষ কাঁদছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’, ‘জ্বালাও-পোড়াও নাশকতা/রাজনীতি নয়—বর্বরতা’, ‘শিক্ষক-জনতার প্রতিরোধ, রুখতে পারে অবরোধ’, ‘ছড়িয়ে দাও সচেতনতা/বন্ধ হবে নাশকতা’, ‘লক্ষ মায়ের কান্না, নাশকতা আর না’।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এমন সব ব্যানার ও লিফলেট নিয়ে প্রতিবাদী সমাবেশ, মানববন্ধন ও অনশন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠন। আলাদা ব্যানার ও লিফলেট থাকলেও সবাই সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে।
এর মধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র গতকাল সকালে ‘সন্ত্রাস-পেট্রলবোমা-জ্বালাও-পোড়াও-মানুষ হত্যা বন্ধ করুন’ ব্যানার নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে পল্টন হয়ে সেটি প্রেসক্লাবে এসে শেষ হয়। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন।
‘সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘পেট্রলবোমা মেরে মানুষ হত্যা বন্ধ কর’, ‘নারী শিশু মেহনতি মানুষের নিরাপত্তা চাই’, ‘আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ কর’—এমন সব ফেস্টুন ছিল মিছিলে অংশগ্রহণকারীদের হাতে। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ‘টানা অবরোধ-সহিংসতা কৃষক-শ্রমিককে দুর্বিষহ করে তুলেছে। প্রতিদিন নারী-শিশু, গাড়িচালক, রিকশাভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ হতাহত হচ্ছে। এ অবস্থায় আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। এভাবে আর চলতে দেওয়া যায় না।’
‘অবরোধ ও নাশকতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে’ ব্যানার নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকেরা ‘জ্বালাও-পোড়াও নাশকতা/রাজনীতি নয়—বর্বরতা’, ‘শিক্ষক-জনতার প্রতিরোধ, রুখতে পারে অবরোধ’, ‘ছড়িয়ে দাও সচেতনতা/বন্ধ হবে নাশকতা’, ‘লক্ষ মায়ের কান্না, নাশকতা আর না’—এমন সব লিফলেট হাতে রাখেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আখতারুজ্জামান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল হক।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো মা অবরোধকারীদের হামলায় সস্তানহারা হচ্ছেন। খালেদা জিয়াও এই সময়ে তাঁর সন্তান¯হারিয়েছেন। তাঁর এখন সন্তানহারার বেদনা বোঝার কথা। কাজেই তিনি যেন এই সহিংস কর্মসূচি প্রত্যাহার করেন। অন্যথায় সাধারণ মানুষ যেভাবে প্রতিরোধ শুরু করেছে, সেটি চলতে থাকবে।’
‘যানবাহনে পেট্রলবোমা মেরে মানুষ হত্যাসহ দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ, অপরাধীদের গ্রেপ্তার ও জানমালের নিরাপত্তার দাবিতে’ ব্যানার নিয়ে প্রতিবাদী সাংবাদিক সমাবেশ করে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক সমাজ। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আশীষ কুমার দে। সাংবাদিক সোহেল আজাদ চৌধুরী, রাজু আহমেদ, আবুল কালাম আজাদ, শফি আহমেদসহ আরও অনেকেই সেখানে বক্তব্য দেন।
একই দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে আরও অনেক সংগঠন। এর মধ্যে ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে’ ব্যানার নিয়ে মানববন্ধন করে ঢাকা মুক্তাঙ্গন মাইক্রোবাস ও কার মালিক সমিতি ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
‘বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবি’ ব্যানার নিয়ে সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন ‘গণতন্ত্র, মৌলিক অধিকার সুরক্ষা ও চলমান রাজনৈতিক সহিংসতা থেকে উত্তরণের দাবিতে’ মানববন্ধন করে। এ ছাড়া প্রেসক্লাবের সামনে ‘আগুনে মানুষ পোড়ানোর অপরাজনীতি থেকে দেশবাসীকে মুক্তি দিতে অবিলম্বে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে অর্থবহ সংলাপের দাবিতে’ ব্যানার ঝুলিয়ে প্রতীকী অনশন করে ন্যাশনাল লেবার পার্টি।