মিছিল, সভা ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঙিনার ভেতরে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৩০০ জন নেতা-কর্মী প্রবেশ করবেন—এমন ঘোষণা কয়েক দিন ধরে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হচ্ছিল। তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। একই সঙ্গে তারা প্রক্টরিয়াল বডিকে চিঠি দেয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রগ কাটার প্রতিবাদে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়ে চিঠি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নিষেধাজ্ঞা জারি করে।
তবে ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার বলেন, ‘এটা প্রশাসনের একরোখা নীতি। আমাদের কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছেন। এটা বানচাল করতেই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ আইনুল হক জানান, প্রশাসন সব দলের ব্যাপারে একই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।