মিছিল-সমাবেশ থেকে ফেরার পথে হামলায় একজন আহত
পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তরা মেহেদী হাসান তালুকদার (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া বাজারের কাছে বুড়ির হাট এলাকায় এ ঘটনা ঘটে।মেহেদী মানবতাবিরোধী ব্যক্তিদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল-সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। তিনি ওই ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয় ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কাছিপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে মানবতাবিরোধী ব্যক্তিদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল ও সমাবেশ হয়। মেহেদী এসব কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে বুড়ির হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় মেহেদীর চিৎকার শুনে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার সকালে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।