মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উচ্চারিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের কণ্ঠেও। এসব দাবিতে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: নগরের কান্দিরপাড় পূবালী চত্বর ও টাউন হল মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তরুণ প্রজন্ম বিভিন্ন কর্মসূচি পালন করছে। নগরের ব্যস্ততম এলাকা পূবালী চত্বর গতকাল হাজার হাজার তরুণের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এ ছাড়া ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা শাখার উদ্যোগে নগরের টাউন হল মুক্তমঞ্চে চলছে গণসংগীত।ময়মনসিংহ: ‘বিক্ষুব্ধ ময়মনসিংহবাসী’র ব্যানারে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শুরু হয়েছিল জাগরণের আন্দোলন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেন। শহরের দুর্গাবাড়ি রোডে ‘জাগো ময়মনসিংহবাসী’র ব্যানারে চলে নতুন উদ্যমে শুরু হওয়া আন্দোলন। এ ছাড়া আনন্দ মোহন কলেজের মূল ফটকের সামনে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, টাউন হল শহীদ মিনার চত্বরে ও বিপিন পার্কেও এ আন্দোলন চলছে। গতকাল এসব জায়গায় হাজারো মানুষ অংশ নেয়। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিষ্টি দোকানের কারিগরেরা গতকাল চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন। বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মবিরতি চলে। কর্মবিরতি শেষে বিকেলে জেলা মিষ্টি কারিগর শ্রমিক ইউনিয়নের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক অজয় চন্দ্র সরকারের নেতৃত্বে শ্রমিকেরা একটি মিছিল বের করেন। গাজীপুর: মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১, যুবসমাজ ও সুশীল সমাজের উদ্যোগে বিকেলে উপজেলার সফিপুর বাজারে গণজমায়েত হয়। এ ছাড়া বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা শেষে নাগরিক মঞ্চে প্রতিবাদ সভা হয়েছে। সভায় বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম, মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহসান, আবদুর রশিদ, সারোয়ার আলম, সিকদার মোশারফ হোসেন, মুরাদ কবির প্রমুখ।