মিছিলে অপর পক্ষের হামলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার হরতালের সমর্থনে বিএনপির একাংশের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টাকালে বিএনপির আরেক পক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে ১৬ জন আহত হন। হামলাকারীরা একটি ভটভটি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি এ বি এম কামাল সেলিম ও সাংসদ এ কে এম হাফিজুর রহমানের ছেলে যুবদলের নেতা সোহরাবুজ্জামানের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার উদ্যোগ নেওয়া হয়। সাংসদের অনুসারী নেতা-কর্মীরা উপজেলা পরিষদ কার্যালয়ের কাছে এ বি এম কামাল সেলিমের ব্যক্তিগত কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। মিছিল শুরুর আগ মুহূর্তে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের অনুসারী যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা দিয়ে তাঁদের এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে জাফর আলী, খয়বর রহমান, সাজাহান আলী, মুকুল মিয়াসহ সাংসদের অনুসারী ১৬ জন আহত হন। হামলাকারীরা সাংসদের ছেলের মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পুকুরে ফেলে দেন। পরে একটি ভটভটিও ভাঙচুর করা হয়। রাতেই সোহরাবুজ্জামান বাদী হয়ে শিবগঞ্জ থানায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।এদিকে হরতালের সমর্থনে মীর শাহে আলমের নেতৃত্বে মঙ্গলবার রাত আটটার দিকে একটি মিছিল শহর ঘুরে থানার সামনে সমাবেশ করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মীর শাহে আলম বলেন, ‘সাংসদের ছেলের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।’সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী উপজেলা সদরে ছিনতাই-চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির কর্মসূচি সফল করার জন্য যে মিছিলের আয়োজন করা হয়েছিল তা ওই সব সন্ত্রাসীই অস্ত্রের মুখে পণ্ড করে দিয়েছে।’