মিছিলে যেতে না চাওয়ায় ছাত্রদল কর্মীকে মারধর
হরতালবিরোধী মিছিলে যেতে না চাওয়ায় গতকাল রোববার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে জুবায়ের আহম্মেদ নামের এক ছাত্রকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। জুবায়ের কৃষি অনুষদের লেভেল-২-এর ছাত্র ও ছাত্রদলের কর্মী।
এ ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক বলেন, জুবায়েরকে মারধর করা হয়নি। তাঁকে বকা দিয়ে শাসন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল সকাল থেকে ক্যাম্পাসে হরতালবিরোধী মিছিল বের করার তোড়জোড় শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রতিটি শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছিল। এ সময় জুবায়ের আহম্মেদ মিছিলে যেতে না চাইলে তাঁকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তানভীর মাসুম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনার বিচার না করলে ছাত্রদল কর্মসূচি দেবে।