মিছিলে যোগ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
জামায়াত নেতার মুক্তির দাবিতে বের হওয়া মিছিলে যোগ দিতে অস্বীকার করায় কলহের জের ধরে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।
গৃহবধূর নাম নার্গিস খাতুন (৩২)। তিনি কলারোয়া উপজেলার খোর্দ্দ বাটরা গ্রামের মো. সেলিম শেখের স্ত্রী।
গৃহবধূর ভাই রহমান আলীর অভিযোগ, প্রায় ১৫ বছর আগে নার্গিস খাতুনের সঙ্গে খোর্দ্দ বাটরা গ্রামের মো. সেলিম শেখের বিয়ে হয়। সেলিম জামায়াতের একজন সক্রিয় কর্মী। জয়নগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে ১৮ আগস্ট সকালে সরসকাটি বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে। সড়ক অবরোধ, গাছ কাটাসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের হওয়া এক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাঁর মুক্তির দাবিতে ওই দিন বের হওয়া একটি মিছিলে নার্গিসকে যোগ দিতে বলেন স্বামী সেলিম শেখ ও সেলিমের ভাই আজিজ শেখ। এতে রাজি না হওয়ায় নার্গিসকে মানসিক নির্যাতন চালানো হয়। ওই ঘটনায় কলহের জের ধরে শুক্রবার সকালে সেলিম তাঁকে বেধড়ক মারধর করেন। ঘরের ভেতর দড়িতে ঝুলিয়েও তাঁকে হত্যার চেষ্টা করা হয়।
রহমান আলী আরও বলেন, ওই সময় তাঁর দুই ভাগনে রাসেল শেখ ও ইমরান শেখের চিৎকারে লোকজন এসে নার্গিসকে উদ্ধার করে একটি ক্লিনিকে পাঠায়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সন্ধ্যায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক মারুফ হাসান জানান, নার্গিসের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে সেলিম ও আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সরসকাটি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লিয়াকত আলী বলেন, সেলিম ও আজিজের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।