মিছিলের অগ্রভাগে ঠেলে দেওয়া হচ্ছে শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের গ্রামগুলোতে হরতাল, অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। মিছিলের অগ্রভাগে ঠেলে দেওয়া হচ্ছে তাদের।খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ও অবরোধের সময় জেলার গ্রামাঞ্চলগুলোতে ১০ থেকে ১৬ বছর বয়সের বিপুলসংখ্যক শিশু-কিশোর লাঠিসোঁটা হাতে নিয়ে মিছিল করে। মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে তারা।১১ এপ্রিল জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে তাঁর জেলা শহরের বাসা থেকে সাদা পোশাকধারী একদল লোক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরদিন ১২ এপ্রিল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জামায়াত। ওই কর্মসূচিতে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের তেঁতুলতলী এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাছ কেটে খন্জন্পুর-পাহাড়পুর রাস্তা অবরোধ করেন। এতে লাঠি হাতে অনেক শিশু-কিশোর অংশ নেয়।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় জামায়াত-শিবিরের হরতালের দিনগুলোতে বিভিন্ন স্থানে সড়ক ও রাস্তা অবরোধ করার কাজে অনেক শিশু অংশ নেয়। পুলিশের একাধিক সূত্র জানায়, হরতাল, অবরোধ, মিছিলে গ্রামের নারী ও শিশু-কিশোরদের ব্যাপকহারে ব্যবহার করছে জামায়াত-শিবির। এ কারণে পুলিশ অনেক সময় কঠোর ব্যবস্থা নিতে পারছে না।সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম বলেন, তাঁর এলাকায় হরতালের দিনে মিছিলে ও রাস্তা অবরোধে ১০ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরদের প্রথম সারিতে দেখা যাচ্ছে। এলাকার অনেক শিশু ওই মিছিলে যাওয়াকে আনন্দ মনে করে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, সম্প্রতি হরতাল-অবরোধ চলাকালে জেলায় জামায়াত-শিবির কৌশলে ধর্মকে পুঁজি করে শিশু-কিশোর ও গ্রামের নারীদের তাদের কর্মসূচিতে ব্যবহার করছে। ফলে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে পারছে না।শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমির মামুনুর রশিদ বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর গ্রামগঞ্জে সাঈদীর ভক্ত-অনুরাগীরা বিক্ষোভ মিছিল করে। এতে শিশু-কিশোরেরা অংশ নিলেও তাদের অভিভাবকেরা বারণ করেনি। জামায়াতে ইসলামী শিশুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ঘোরবিরোধী। জয়পুরহাট খেলাঘরের শিশুসংগঠক তবিবুর রহমান বলেন, রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার করার ফলে তাদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। সহিংস ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় এসব শিশু পরবর্তী সময়ে উগ্র আচরণ করতে পারে।