মিছিলের অনুমতি না পেলে কাল কালো পতাকা প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত রাজধানীতে মিছিলের অনুমতি না পেলে কালো পতাকা প্রদর্শন করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট। সব কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে দাবি করে কাল বুধবারের কালো পতাকা মিছিলের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির আশা, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং কর্মসূচি পালনের অনুমতি দেবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই আহ্বান জানান।
৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।
সংবাদ সম্মেলনে রিপন জানান, আজ সন্ধ্যা পর্যন্ত তাঁরা রাজধানীতে কালো পতাকা মিছিলের অনুমতি পাননি। শেষ পর্যন্ত অনুমতি না পেলে জেলা-উপজেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি অপরিবর্তিত থাকবে। আর রাজধানীতে মিছিলের পরিবর্তে ওয়ার্ডে ওয়ার্ডে ১৯ দলের নেতা-কর্মীরা কালো পতাকা ‘প্রদর্শন’ করবেন।
রিপন অভিযোগ করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি একজন সমাজসেবী ও বিদুষী নারী। শুধু তারেক রহমানের শাশুড়ি হওয়ায় সরকার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁকে হয়রানি করার চেষ্টা করছে। তিনি এর নিন্দা জানান।
দুর্নীতিবাজ মন্ত্রী ও এমপিদেরকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি টিআইবির আহ্বানকে স্বাগত জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে, জনগণের সম্পদ লুট করে আঙুল ফুলে বটবৃক্ষ হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তাদের অবৈধ সম্পদ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হোক।