মিছিলের নেতৃত্বে, তবে পুলিশ খুঁজে পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলার আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান গতকাল রোববার পুলিশের সামনেই আনন্দ মিছিল করেছেন। অর্থের অবৈধ লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাস পাওয়ার রায় ঘোষণার পরপরই জেলা যুবদলের পক্ষ থেকে বগুড়া শহরে ওই আনন্দ মিছিল বের করা হয়।
এক দিন আগে গত শনিবার দুপুরে র‌্যাব-পুলিশ আরাফাতুর রহমানকে ধরতে তাঁর বাসায় অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। একই দিন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় আরও কয়েকজন নেতার বাড়িতেও নিষ্ফল অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর বিএনপির নেতৃত্বে বের হওয়া ১৮ দলের মিছিল থেকে সদর থানা পুলিশকে লক্ষ করে ককটেল হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে ওই ঘটনায় যুবদলের নেতা আরাফাতুর রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে মামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের রায় ঘোষণার পরপরই শহরে জেলা যুবদলের পক্ষ থেকে মিছিল বের করা হয়। সাতমাথা প্রদক্ষিণ করার সময় মিছিলে নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতারা। সামনের সারিতে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে উল্লাস করতে দেখা গেছে আরাফাতুর রহমানকে।
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজামেঞ্চল হক বলেন, পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামির নেতৃত্বে মিছিল করা হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।