মিছিলের সামনে ভিক্টোরিয়া ওকাম্পো
>বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু বাঙালিকে নয়, সারা বিশ্বের সৃজনশীল মানুষকে টেনেছিল। এ রকমই কিছু সাংস্কৃতিক সৃষ্টির কথা—

আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক ভিক্টোরিয়া ওকাম্পো আমাদের দেশে খুবই পরিচিত এক নাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর যোগাযোগ ও ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে তিনি বাংলাভাষী মানুষের কাছে বিশেষভাবে আলোচিত ও সমাদৃত। ওকাম্পো আর্জেন্টিনার আধুনিক সাহিত্য আন্দোলন ও নারী অধিকার আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভিক্টোরিয়া ওকাম্পোর বয়স ছিল ৮১ বছর। বয়সের ভারে দুর্বল হয়ে গেলেও ওকাম্পো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যার প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে একটি মিছিলের আয়োজন করেছিলেন এবং মিছিলের পুরোভাগে ছিলেন তিনি।
ভিক্টোরিয়া ওকাম্পো বাংলাদেশের পক্ষে আর্জেন্টিনায় জনমত গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। ১৯৭১ সালের ১১ জুন আর্জেন্টাইন লেখক, বুদ্ধিজীবী, মানবতাবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের শরণার্থীদের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য আর্জেন্টাইন সরকারকে বাংলাদেশ ও ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁদের পররাষ্ট্রমন্ত্রী লুইস মারিয়া ডি পাবলো পারডোর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন। (সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, ত্রয়োদশ খণ্ড, পৃষ্ঠা ৭৩৯)
ওই প্রতিনিধিদল আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য পাঠানোর দাবি জানিয়েছিল। দাবিনামায় যাঁরা স্বাক্ষর করেছিলেন, তাঁদের মধ্যে প্রথমেই ছিল ভিক্টোরিয়া ওকাম্পোর নাম। সঙ্গে ছিলেন খ্যাতনামা সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেস, এদুয়ার্দো সাবাতো, এদোলফো ওবোইতাসহ সেরা লেখক, শিল্পী, আইনজীবী, ধর্মীয় নেতা ও সেই সময়ের বুদ্ধিজীবীদের অনেকে।
ভিক্টোরিয়া ওকাম্পো ও আর্জেন্টাইন বুদ্ধিজীবীদের স্মারকলিপিতে বলা হয়েছিল, ‘পূর্ব বাংলায় সম্প্রতি যে দুঃখজনক ব্যাপার ঘটছে, তার ফলে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এতে সেখানে এক ব্যাপক মানবিক-সংকট সৃষ্টি হয়েছে।...
‘মানুষের দুঃখ-দুর্দশার জাতীয় সীমা থাকতে পারে না। তাই পৃথিবীর যে প্রান্তের মানুষই কষ্ট পাক, মারা যাক বা দুর্গতিতে পড়ুক না কেন, তা সমগ্র মানবতার উদ্বেগের কারণ হওয়া উচিত। তা সত্ত্বেও পূর্ব বাংলার ঘটনায় বিশ্ববিবেক এখনো অতটা সাড়া দেয়নি, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ভারতকে সহায়তা করার জন্য খুব বেশি মানুষ সাড়াও দিচ্ছে না। যে সমস্যার কারণে ভারতকে ভুগতে হচ্ছে, যে ব্যাপারে ভারতের কিছু বলার নেই, যার ওপর তার নিয়ন্ত্রণও নেই; অথচ তাকে এই অসহায় মানুষদের চাহিদা মেটাতে হচ্ছে, যার জন্য তার নিজের উন্নয়নও ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। এটা সত্য, কয়েকটি দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থা ভারতকে কিছু সহায়তা করেছে। কিন্তু সমস্যা এতটা ব্যাপক যে, এর সমাধানের জন্য সমগ্র মানবতার সহায়তা দরকার, যে সমস্যা ভারত তৈরি করেনি, যা তার নিজেরও নয়। কারণ, এটা এক আন্তর্জাতিক সমস্যা, জাতীয় নয়।...

‘এই বিশেষ ক্ষেত্রে নিরাসক্তভাবে সংহতি জানিয়ে বা ভারতের প্রশংসা করে কাজ হবে না, তাকে পণ্য ও নানা দ্রব্য দিয়ে সরাসরি সাহায্য করতে হবে, ইতিবাচকভাবে। এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টির ব্যাপারও আছে, অর্থাৎ একটা সামগ্রিক দায়িত্ববোধের অংশ হিসেবে সকলের সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে—এই বোধটাও সৃষ্টি করতে হবে।...
‘আমরা আশা করি, আমাদের সরকার তার বিশ্বজনীনতা ও সংহতির ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবে; যার মধ্যে এই আবশ্যকতা থাকবে যে পরিস্থিতি ভারতীয় প্রজাতন্ত্রকে যে বিপাকে ফেলেছে, তা সমাধান করা এখন সময়ের দাবি।’...
১৯৮৭ সালে ঢাকায় ভারতীয় কূটনীতিক শিবনাথ রায়ের কাছে শুনেছিলাম, তিনি একাত্তর সালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে কাজ করতেন, সে সময়ে ওকাম্পো বলেছিলেন, ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি আমার সমর্থন অত্যন্ত স্বাভাবিক। কারণ, বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাও বাংলা। তিনি (রবীন্দ্রনাথ) বহু সময় কাটিয়েছেন বাংলাদেশের ওই অংশে। সে জন্য এই অঞ্চলের মানুষের সংগ্রামের প্রতি সহমর্মিতা আমার কর্তব্য বলে মনে করেছি।’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ভিক্টোরিয়া ওকাম্পোর সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে।
আর্জেন্টিনার লেখক-শিল্পীদের ভূমিকায় উৎসাহিত হয়ে ভেনেজুয়েলার ২৯ জন সেরা লেখক-শিল্পীও প্রায় একই রকম দাবি উত্থাপন করে বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিতে তাঁরা ভারতে বাংলাদেশে শরণার্থীদের সাহায্য-সহযোগিতার জন্য তাঁদের দেশের সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছিলেন।
ভিক্টোরিয়া ওকাম্পোর জন্ম ১৮৯০ সালের ৭ এপ্রিল, আর্জেন্টিনার বুয়েনস এইরেসের এক অভিজাত পরিবারে। স্প্যানিশ ছাড়াও ফরাসি ভাষার ওপর দখল ছিল তাঁর। ইংরেজিও ভালো জানতেন। দান্তের ডিভাইন কমেডির ওপর সমালোচনামূলক একটি লেখা দিয়ে তাঁর লেখালেখির জগতে প্রবেশ। সুরনামে একটি পত্রিকা প্রকাশ করতেন। পত্রিকাটি স্পেনীয় আধুনিক সাহিত্য আন্দোলনের মুখপত্র হয়ে ওঠে। ওই পত্রিকায় বিখ্যাত আর্জেন্টাইন লেখক হোর্হে লুইস বোর্হেস, অক্টাভিও পাজসহ ইউরোপ, আমেরিকা ও লাতিন আমেরিকার সেই সময়ের অনেক খ্যাতিমান লেখক লিখেছেন।
মূলত ফরাসি ভাষায় অনূদিত গীতাঞ্জলিপড়ে রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয় তাঁর। ১৯২৪ সালে পেরুতে যাওয়ার সময় দীর্ঘ ভ্রমণের কারণে রবীন্দ্রনাথ হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তিনি আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ‘প্লাসা’ নামের এক হোটেলে ওঠেন। খবর পেয়ে দেখা করেন রবীন্দ্রনাথের লেখার অনুরাগী ওকাম্পো। সেই হোটেলে এসে রবীন্দ্রনাথকে সান ইসিদ্রোতে তাঁর নিজের বাড়ি নিয়ে যান। ভিক্টোরিয়া ওকাম্পো বুয়েনস এইরেসের যে ভবনে বাস করতেন, তার নাম ছিল ভিলা ওকাম্পো। রবীন্দ্রনাথের বয়স তখন ৬৩ আর ওকাম্পোর ৩৪ বছর।
ওকাম্পোর বাসায় রবীন্দ্রনাথ প্রায় দুই মাস ছিলেন। এখানে এই দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। কবি শঙ্খ ঘোষ ও কেতকী কুশারী ডাইসনের পৃথক দুই বইয়ে রবীন্দ্রনাথ ও ওকাম্পোর জীবন, সাহিত্য ও বন্ধুত্বের বিস্তারিত আলোচনা রয়েছে। সেই বিবরণে বোঝা যায়, দুজনের মধ্যে ঘনিষ্ঠ কাব্যিক-আত্মিক সম্পর্কের কথা।
বিভিন্ন তথ্য থেকে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর যে পুরোদস্তুর চিত্রশিল্পী হয়ে উঠেছিলেন, তার নেপথ্যে ছিল ওকাম্পোর অনুপ্রেরণা। এমনকি ১৯৩০ সালে প্যারিসে রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনী হয়েছিল ওকাম্পোরই সক্রিয় তৎপরতায়।
রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর মধ্যে সাক্ষাৎ হয়েছিল মাত্র দুবার। তবে রবীন্দ্রনাথের মৃত্যুর আগ পর্যন্ত পরস্পরের পত্রযোগাযোগ অব্যাহত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ওকাম্পোর নাম দিয়েছিলেন ‘বিজয়া’। এই বিজয়াকেই ১৯২৫ সালে প্রকাশিত তাঁর পূরবীকাব্য উৎসর্গ করেন।
ওকাম্পো রবীন্দ্রনাথের মৃত্যুসংবাদ প্রথম শুনতে পান রেডিওতে। তখন তিনি গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। খবরটি শুনে হাহাকার করে উঠেছিল ওকাম্পোর হৃদয়। তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন, তাঁর ভারতবর্ষে। খবর পেলাম পথে, রেডিও থেকে...। নির্জন রাজপথ ধরে ছুটে চলেছে গাড়িটা। চতুর্দিকে বিস্তীর্ণ সমতলভূমিকে ঢেকে আছে শীতের ধূসর আকাশ।...তাঁর মৃত্যুর খবর পাবার পক্ষে সমতলভূমির মাঝখানে এই নির্জন পথই ছিল সব থেকে ভালো জায়গা। যে-দৃশ্য তখন আমার চার দিকে তা ঠিক তেমনই, যেমনটি তিনি পছন্দ করতেন।...আমি তাঁর কথা বলাকে যেমন জেনেছি, তেমন জেনেছি তাঁর মৌনের মুহূর্তদেরও।...কয়েক মিনিট আগেই এ দিক থেকে মনে হচ্ছিল যে আকাশটা সমতলভূমির উপরে ধসে পড়বে। এখন পাহাড়টা এসে বাধা দিল। স্মৃতি। পাথরের মেঘ। অবরুদ্ধ দিগন্ত। হয়তো অবশেষে একদিন আমাদের দেখা হবে, এই মেঘেদের মাঝখানে বন্দী অবস্থায়, এবং আর্তনাদ করে চাইব একটুখানি ফাঁকা জায়গা, বেরোবার জায়গা। অবশেষে স্মৃতিরা গ্রাস করবে গোটা দিগন্তকে।’ (সূত্র: রবীন্দ্রনাথ ও ভিক্তোরিয়া ওকাম্পোর সন্ধানে, কেতকী কুশারী ডাইসন)
১৯৬৮ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর্জেন্টিনায় গিয়ে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেই সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রির সনদ তাঁর হাতে তুলে দেন।
১৯৭৯ সালের ২৭ জানুয়ারি ভিলা ওকাম্পোতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ভিলাসহ তাঁর সব সম্পত্তি শিক্ষা খাতের উন্নয়নে দান করে যান তিনি। এখন সেটি জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে বুয়েনস এইরেসের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।