মিজান টাওয়ারের ঘটনা তদন্তে রাজউকের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বহুতল ভবন মিজান টাওয়ারের পাশে গতকাল বুধবার বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ বৃহস্পতিবার রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আবদুল হাইকে আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদ হোসেন ফারুকিকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রহমান ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হোসেন।

আজ ঘটনাস্থল পরিদর্শনে থাকাকালে রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে মিজান টাওয়ারের পূর্ব কোণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টাওয়ারের নিচতলার দোকানের কিছু অংশের রড ও সুরকি সরে যায়। এ সময় বহুতল এ ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা সবাই ছোটাছুটি করে নিচে নামেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বিদ্যুত্ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনের সড়কের এক পাশ বন্ধ করে দেন। এ সময় ভবনের বিদ্যুত্-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা পরীক্ষা করে নিশ্চিত হন, পয়োনালির ওপর স্থায়ী স্লাব বসানোয় গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে। ওই পয়োনালির সঙ্গে মিজান টাওয়ারের পয়োনালির সংযোগ রয়েছে।