মিজান টাওয়ারের বাসিন্দারা আতঙ্কে
রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ারে গত শুক্রবার রাতে এবং গতকাল শনিবার বাসিন্দাদের এক-তৃতীয়াংশ নিজস্ব ফ্ল্যাটে বা ভাড়া বাসায় প্রবেশ করতে পেরেছেন। অন্যরা আতঙ্কের কারণে এখনো ঘরে ঢোকেননি বলে জানা গেছে। অনেকে ঘরে ঢুকে টাকাপয়সা, গয়না এবং প্রয়োজনীয় পোশাক নিয়ে বেরিয়ে গেছেন। ভবনটিতে ৮৫টি ফ্ল্যাট রয়েছে।
স্থানীয় লোকজন এবং রাজউক সূত্রে জানা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিজান টাওয়ারকে আপাতত নিরাপদ বললেও ভবনের সব বাসিন্দাদের মন থেকে আতঙ্ক পুরোপুরি কাটেনি। একজন আইনজীবী টাওয়ারের দোতলা থেকে তাঁর চেম্বারের আসবাব ও জরুরি নথি সরিয়ে নিয়েছেন বলেও জানা যায়।
মিজান টাওয়ারের পেছনের একটি বাড়ির বাসিন্দা খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, শুধু টাওয়ার নয়, পেছনের বাড়িঘরের বাসিন্দারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। যার জন্য রাতে ঘুমাতে পর্যন্ত পারেন না।
এদিকে রাজউকের তদন্ত কমিটি গতকাল টাওয়ার এলাকায় যায়নি। রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল ছুটির দিন থাকায় এবং বাসিন্দাদের ঘরে ফেরার ব্যস্ততার কথা ভেবে কমিটির লোকজন ঘটনাস্থলে যাননি। তবে আজ রোববার থেকে পুরোদমে তদন্তকাজ চলবে।
গত বুধবার সন্ধ্যা সাতটায় মিজান টাওয়ারের পূর্ব কোণে গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে টাওয়ারের নিচতলায় দোকানিসহ পাঁচজন
আহত হন। এ ছাড়া নিচতলার দোকানের নিচের কিছু অংশের রড বেঁকে যায় ও সুরকি ঝড়ে পড়ে। সেপটিক ট্যাংক ও পয়োলাইনে দীর্ঘদিন জমে থাকা গ্যাসের চাপে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর টাওয়ারের বিভিন্ন তলায় বসবাসরত আতঙ্কিত বাসিন্দারা অন্যত্র চলে যান। গত শুক্রবার বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি আপাতত নিরাপদ বলার পর কিছু বাসিন্দা ফিরে আসেন৷