মিজান টাওয়ার ছেড়েছে বাসিন্দারা, ভবনে তালা
রাজধানীর কল্যাণপুরে গতকাল বুধবার সন্ধ্যায় মিজান টাওয়ারের পাশে ম্যানহোলে জমে থাকা গ্যাসের চাপে বিস্ফোরণের পর গভীর রাতে বহুতল ভবনটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এ ঘটনায় রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজউকের কর্মকর্তারা জানান, আজ দুপুরের পর ওয়াসা ও রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওয়াসার কর্মকর্তারা মিজান টাওয়ার ঘেঁষে বয়ে যাওয়া স্যুয়ারেজ লাইনে জমে যাওয়া বিষাক্ত গ্যাস নিংসরণে কাজ করছেন। বিকেলে সেখানে গ্যাসের চাপে আবারও স্ল্যাব বিস্ফোরণ হয়। স্যুয়রেজ লাইনের ওপর ঢালাই করে স্লাব বসানোয় সেখানে গ্যাস জমে গিয়ে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে। ওই স্যুয়রেজ লাইনের সঙ্গে মিজান টাওয়ারের স্যুয়রেজ সংযোগ।
মিজান টাওয়ারের পরিদর্শনে যাওয়া মোহাম্মদপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল আলীম বলেন, ভবনটি হেলেও পড়েনি কিংবা দেবেও যায়নি। কিংবা এতে ফাটলের সৃষ্টি হয়নি। রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, স্যুয়রেজ লাইনে জমে যাওয়া গ্যাস নি:সরণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। গ্যাস নি:সরণে আবারও বিস্ফোরণ ঘটতে পারে। এতে বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভবনটির বাসিন্দারে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, বহুতল ভবনটি থেকে লোকজন চলে যাওয়ার পর গতকাল বুধবার রাতে এতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে ভবনটির সামনের উত্স্যুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ কাজ করছে।