মিজান টাওয়ারে তালা দিল পুলিশ
রাজধানীর কল্যাণপুরে গ্যাসের চাপে বিস্ফোরিত ম্যানহোলের পাশের বহুতল ভবন মিজান টাওয়ারে গত বুধবার রাতে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ৷
গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজউকের কর্মকর্তারা গতকাল জানান, দুপুরের পর ওয়াসা ও রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওয়াসার কর্মকর্তারা মিজান টাওয়ার ঘেঁষে থাকা পয়োনিষ্কাশন লাইনে জমে যাওয়া বিষাক্ত গ্যাস বের করে দেওয়ার কাজ করছেন। গতকাল বিকেলে সেখানে গ্যাসের চাপে আবারও বিস্ফোরণ হয়। পয়োনিষ্কাশন লাইনের ওপর ঢালাই করে কংক্রিটের স্থায়ী স্লাব বসানোয় সেখানে গ্যাস জমে গিয়ে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছিল৷ ওই পয়োলাইনের সঙ্গেই মিজান টাওয়ারের পয়োলাইনের সংযোগ।
মিজান টাওয়ার পরিদর্শনে যাওয়া মোহাম্মদপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল আলীম বলেন, ভবনটি হেলেও পড়েনি, কিংবা দেবেও যায়নি, কিংবা এতে ফাটলের সৃষ্টি হয়নি। রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পয়োলাইনে জমা হওয়া গ্যাস নিঃসরণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। সেখানে আবারও বিস্ফোরণ ঘটতে পারে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, বহুতল ভবনটি থেকে লোকজন চলে যাওয়ার পর বুধবার রাতেই এতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।