মিজানকে নির্যাতনকারী পুলিশের শাস্তি দাবি

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমানের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাবসহ জেলা উপজেলার সাংবাদিকেরা। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাঁকে নির্যাতনকারী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানান তাঁরা।
আজ সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনকালে সাংবাদিকরা এ দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী বলেন, মিজানকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে যুক্ত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশের সাজানো মামলা প্রত্যাহার করে অবিলম্বে মিজানকে মুক্তি দেওয়ারও দাবি জানান তিনি।
বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম বলেন, মিজানের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। অবিলম্বে মিজানের মুক্তি দাবি করে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে বাউফল থানার সেসব পুলিশ সদস্য যুক্ত তাঁদেরকে প্রত্যাহার করতে হবে।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রহুল আমিন রুশ্দ, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য জালাল আহমেদ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি অমিত কুমার দত্ত, দশমিনা প্রেসক্লাব সভাপতি এইচ এম ফোরকান, কলাপাড়া প্রথম আলো প্রতিনিধি নেছার উদ্দিন ও দুমকি প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামাল হোসেন। সমাবেশ পরিচালনা করেন পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।