বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ-মানববন্ধন
মিজানুর ও চাঁপার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
বখাটেদের হাতে নাটোরের বাগাতিপাড়ায় কলেজশিক্ষক মিজানুর রহমান এবং ফরিদপুরের মধুখালীতে স্কুলছাত্রীর মা চাঁপা রানী ভৌমিকের মৃত্যুর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ, শোকমিছিল ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচি থেকে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।রাজশাহী: কলেজশিক্ষক মিজানুর হত্যার প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলায় গতকাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চারঘাট শাখা। এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন। বেলা ১১টায় চারঘাট বড়াল ব্রিজের কাছে মানববন্ধন শেষে বাকশিসের চারঘাট শাখার সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা মিজানুরের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর মৃত্যুদিবস ২৪ অক্টোবরকে ইভটিজিং প্রতিরোধ দিবস ঘোষণার জন্য সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য সাংসদ শাহরিয়ারের প্রতি আহ্বান জানান।নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গতকাল মানববন্ধন, শোকযাত্রা ও সমাবেশ হয়েছে। উপজেলার বিভিন্ন কলেজের তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে একটি শোকযাত্রা শেষে উপজেলা কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে মানববন্ধন করা হয়। পরে সেখানে সমাবেশ থেকে ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনসচেতনতা তৈরিতে সমাজের সব শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানানো হয়।চুয়াডাঙ্গা: জেলা লোকমোর্চা, চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরাম (সিডিএফ), জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় যৌথভাবে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানবন্ধন করে। এ সময় বক্তব্য দেন লোকমোর্চার সভাপতি আলমগীর হোসেন, নারীনেত্রী রাশিদা হাসনু আরা, সিডিএফ প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে ইভটিজিংবিরোধী একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়।নীলফামারী: নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সকালে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। পরে মিজানুরের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।এ ছাড়া নাটোরের গুরুদাসপুর, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, টাঙ্গাইলের সখীপুর, চাঁদপুরের মতলব উত্তর, বরগুনার পাথরঘাটা, যশোরের কেশবপুর উপজেলায় সভা-মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা ইভটিজিং-ব্যাধির বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।