২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডিজিএফআইয়ের জঙ্গি দমনসংক্রান্ত ব্যুরোর সাবেক কর্মকর্তা মিজানুর রহমান ঘটনা সম্পর্কে না জেনেই সাক্ষ্য দিয়েছেন বলে দাবি করেছেন আসামি আবদুর রউফের আইনজীবী মো. কুতুব উদ্দিন চৌধুরী। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী মিজানুর রহমানকে জেরার সময় তিনি এ দাবি করেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলার বিচারকাজ চলছে। গতকাল সাক্ষীকে প্রথমে জেরা করেন আসামি আবু তাহেরের আইনজীবী জসিম উদ্দিন।পরে জঙ্গিনেতা রউফের আইনজীবী কুতুব উদ্দিন সাক্ষী নৌবাহিনীর লে. কমান্ডার মিজানুর রহমানকে জেরা করেন। কত তারিখে কমিশনপ্রাপ্তির কথা ছিল? আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৬ সালের ১ জানুয়ারি। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সাক্ষী তাঁর জবানবন্দিতে বলেছেন, ১৯৯৭ সালে কমিশনপ্রাপ্ত হয়েছেন। এ নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিচারক শাহেদ নুরউদ্দিন আসামিপক্ষের আইনজীবীকে বলেন, ‘আপনি একই প্রশ্ন বারবার করছেন কেন?’এ পর্যায়ে আইনজীবী বলেন, তাহলে প্রশ্নটি সাজেশন আকারে যাবে। তিনি বলেন, মিজানুর রহমানের নিয়ম অনুযায়ী ১৯৯৬ সালে কমিশন পাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আওয়ামী লীগের আমলে ১৯৯৭ সালে তিনি কমিশন পান। তার প্রতিদানে তিনি প্রভাবিত হয়ে স্থান-কাল-পাত্র ও ঘটনার তারিখ না জেনেই সাক্ষ্য দিয়েছেন।সাক্ষী বলেন, পা ভেঙে গিয়েছিল। তাই পরের বছর কমিশন হয়েছে। তিনি কারও মাধ্যমে প্রভাবিত হয়ে সাক্ষ্য দেননি।আজ সোমবার হরকাতুল জিহাদের নেতা আসামি মুফতি হান্নান, মাওলানা আবদুস সালাম, আবদুল মাজেদ ভাট, শেখ ফরিদ, রতন ও ইয়াহিয়ার পক্ষে সাক্ষী মিজানুরকে জেরার দিন ধার্য রয়েছে।মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কারাগারে আটক এ মামলার ৩২ আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতে মুজাহিদ ছিলেন বিমর্ষ, তিনি বারবার এদিক-ওদিক তাকাচ্ছিলেন। মাঝে মাঝে হাসার চেষ্টাও করেন।