মিজানুর রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবি বিএমএর
চিকিৎসকদের নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখা। গতকাল বুধবার গণমাধ্যমে বিএমএর সভাপতি অরূপ দত্তের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি ড. মিজানুর রহমান কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের ‘গরিবের রক্তচোষা এবং টুপি পরে মিথ্যা কথা বলছেন’ বলে উল্লেখ করেন। পরদিন তাঁর বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরিদর্শনের সময় মিজানুর রহমান বলেছেন, ‘চিকিৎসক হয়েও কী করে অনেকেই বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেন? যাঁরা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করছেন, তাঁদের চাকরিতে থাকা উচিত নয়।’কক্সবাজার সদর হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমানও অনতিবিলম্বে মিজানুর রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।