মিজানুরকে নির্যাতনকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলা ও রাজবাড়ী সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাউফল প্রেসক্লাবের সামনে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে মিজানুরের মুক্তি, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকারসহ নির্যাতনকারী পুলিশ সদস্যদের বাউফল থেকে প্রত্যাহার এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বরিশাল ও পটুয়াখালী প্রেসক্লাবসহ জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন। বাউফলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, সহসভাপতি গোপাল সরকার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু জাফর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, দশমিনা প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফোরকান প্রমুখ।
এদিকে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টায় মানববন্ধন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক মিজানুরের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তির দাবি জানানো হয়।
এতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের রাজবাড়ী প্রতিনিধি খান মো. জহুরুল হক, সমকাল ও দেশ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মতিয়ার রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সহসভাপতি আবদুস সামাদ মিয়া, বন্ধুসভার সভাপতি প্রদ্যুত কুমার দাশ প্রমুখ।
রাজবাড়ী প্রেসক্লাব, কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, গণজাগরণ মঞ্চ, প্রথম আলো বন্ধুসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে বাউফল উপজেলার কালাইয়া বাজার এলাকা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন তাঁকে পাঠানো হয় কারাগারে।