মিজানুরকে নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন
প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে গতকাল শনিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টায় আধা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাবের নেতা ও প্রথম আলো বন্ধুসভার সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মঠবাড়িয়া উপজেলা কমিটির সভাপতি আরিফ উল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি মিজানুর রহমান, দৈনিক সংবাদ-এর প্রতিনিধি মজিবর রহমান, সাংবাদিক জুলফিকার আমিন, বন্ধুসভার সদস্য মীর তারেক, জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা মিজানুর রহমানের মুক্তি ও তাঁর ওপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন। মিজানুরকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আগামী ২ এপ্রিল মঠবাড়িয়ায় সাংবাদিকেরা প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানুরকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে নির্যাতন করা হয়। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।