মিজানুরকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রথম আলোর প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানকে থানায় আটকে পুলিশের নির্যাতনের প্রতিবাদে এবং পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শনিবার পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
দশমিনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলাকালে সেখানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, দশমিনা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর-এর প্রতিনিধি এইচ এম ফোরকান, সাধারণ সম্পাদক ও সকালের খবর-এর প্রতিনিধি নিপুণ চন্দ্র, সমকাল-এর প্রতিনিধি রিপন কর্মকার, মানবজমিন-এর প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ, ইনকিলাব-এর প্রতিনিধি রফিকুল ইসলাম মিরণ, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
গত মঙ্গলবার রাতে বাউফলের কালাইয়ার ল্যাংড়া মুন্সির পোল এলাকায় কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. হালিম খান ও সাংবাদিক মিজানুরের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়। ওই ঘটনায় থানায় মিজানুরের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাতেই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়।