মিজানুরের জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙিন অবস্থায় গত রোববার আদালতে সাংবাদিক মিজানুর রহমান। ফাইল ছবি
সঙিন অবস্থায় গত রোববার আদালতে সাংবাদিক মিজানুর রহমান। ফাইল ছবি

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বোর্ডকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে মিজানুরের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের ওপর আজ শুনানি গ্রহণ করেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। আদালত ফের শুনানির জন্য ১ এপ্রিল তারিখ ধার্য করেছেন।

মিজান দাঁড়াতেই পারছেন না, জামিন হয়নি

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। তাঁকে সরাসরি এজলাসে নিয়ে যাওয়া হয়। এ সময় মিজানুর সোজা হাঁটতে পারছিলেন না। খুঁড়িয়ে খুঁড়িয়ে, কখনো কখনো পুলিশ সদস্যদের ধরে হাঁটছিলেন তিনি। আজ আদালত কক্ষে পুলিশ, আসামি ও আইনজীবীদের ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন পাঠানো হয় কারাগারে। এরপর ২২ মার্চ রোববার পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে আদালত পটুয়াখালী জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেন।