মিজানুরের জামিন শুনানিতে বিচারকের অপারগতা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর কারাবন্দী প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে পুলিশের মামলায় তাঁর জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বিচারক।
ওই মামলায় হাইকোর্টে রিট পিটিশন করা ও পিটিশনে জামিনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা তুলে ধরে এ অপারগতা প্রকাশ করেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। গতকাল বুধবার এ শুনানিতে জামিন আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন তিনি। মিজানুরের আইনজীবী এসব তথ্য জানান।
গত ১৭ মার্চ রাতে বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংরা মুন্সির পোল এলাকায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খান সাংবাদিক মিজানুরের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বাউফল থানায় একটি সাজানো মামলা করেছিলেন। ওই দিন রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ থানায় রাতভর নির্যাতন করে পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গত ২২ মার্চ পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালত মিজানুরের জামিন আবেদন নামঞ্জুর করেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে মিজানুরের অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের ওপর প্রথম দফায় ২৪ মার্চ শুনানি গ্রহণ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। ১ এপ্রিল আরেক দফা শুনানি করেন। সেদিন শুনানিতে তিনি বলেন, (মিজানুরের ওপর নির্যাতন-সংক্রান্ত) কী কী বিষয়ে উচ্চ আদালত রুল দিয়েছেন, রুলে জামিনের বিষয়টি উল্লেখ আছে কি না, তা এই আদালতের জানা দরকার। আদালত রুলের কপি দাখিলপূর্বক ফের শুনানির তারিখ গতকাল ১৫ এপ্রিল ধার্য করেছিলেন।
মিজানুরের বিরুদ্ধে একজন আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির ‘মিথ্যা’ মামলাতেও গত ৮ মার্চ জামিন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালত।
হাইকোর্টে রিট: মিজানুরের ওপর পুলিশের অমানুষিক নির্যাতনের ঘটনায় ২৩ মার্চ তাঁর বাবা আবদুস সালাম হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালতের নির্দেশনা চান। এর পরিপ্রেক্ষিতে ২৪ মার্চ মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তা-ও জানতে চান।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পটুয়াখালীর পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়িপ্রধান, ফাঁড়ির এসআই হালিম খান ও শফিকুল ইসলামকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।