মিজানুরের জামিন হয়নি, আবার শুনানি ১৫ এপ্রিল

পুলিশের অমানুষিক নির্যাতনের শিকার পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর কারাবন্দী প্রতিনিধি মিজানুর রহমানের জামিন গতকাল বুধবারও হয়নি। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার জামিন আবেদনের ওপর এদিন শুনানি শেষে নতুন দিন ধার্য করেন।
শুনানিতে এদিন বিচারক বলেন, (মিজানুরের ওপর নির্যাতন-সংক্রান্ত) কী কী বিষয়ে উচ্চ আদালত রুল দিয়েছেন, রুলে জামিনের বিষয়টি উল্লেখ আছে কি না, তা এ আদালতের জানা প্রয়োজন। রুলের কপি দাখিলপূর্বক আদালত ফের শুনানির জন্য ১৫ এপ্রিল তারিখ ধার্য করেন।
ইতিপূর্বে মিজানুরের জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন আবেদন করা হলে গত ২৪ মার্চ শুনানি গ্রহণ করেন বিচারক বিমল চন্দ্র সিকদার। আদালত মিজানুরের স্বাস্থ্য পরীক্ষায় সিভিল সার্জনকে মেডিকেল বোর্ড গঠন এবং ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ছাড়া গতকাল ১ এপ্রিল জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী গতকাল শুনানি অনুষ্ঠিত হয়।
পুলিশের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মিজানুরের স্বাস্থ্য পরীক্ষা গত ২৯ মার্চ পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড তাঁর পুরো শরীরেই আঘাতের চিহ্ন দেখে শরীরের বিভিন্ন স্থানের এক্স-রে, সিটি স্ক্যান, কিডনিসহ রক্তের বিভিন্ন পরীক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়ে ব্যবস্থাপত্র দিয়েছে।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১৭ মার্চ রাতে মিজানুরকে গ্রেপ্তার করেছিল বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর থানায় নিয়ে রাতভর নিষ্ঠুর নির্যাতন করা হয়। পরদিন সকালে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায় পুলিশ।
গত ২২ মার্চ জেলার দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতেও মিজানুরের জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেন।
২৩ মার্চ মিজানুরের বাবা আবদুস সালাম হাইকোর্টে একটি রিট করেন। এ আবেদনে মিজানুরকে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য নির্দেশনা চাওয়া হয়। ২৪ মার্চ মিজানুরকে পুলিশি হেফাজতে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তা-ও জানতে চান।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, পটুয়াখালীর পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), বাউফল থানার ওসি, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির প্রধান, ফাঁড়ির এএসআই হালিম খান ও শফিকুল ইসলাম—এ আটজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে হাইকোর্টের ওই রুলে।
ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগে করা একটি ‘মিথ্যা মামলায়’ গত সোমবার মিজানুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে মিজানুরের আইনজীবী জানিয়েছেন। পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক ফাইজুর রহমান ওই পরোয়ানা জারি করেন।