মিজানুরের বক্তব্য জঙ্গিবাদ উৎসাহিত হতে পারে: ডিএমপি
পুলিশের ‘চেইন অব কমান্ড নিয়ে’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করতে পারে বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।
মিজানুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় ডিএমপি। তাতে বলা হয়, মিজানুর রহমান রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থা পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড সম্পর্কে অনভিপ্রেত মন্তব্য করেছেন, যা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বক্তব্য পুলিশ বাহিনীতে শৃঙ্খলা বিনষ্টের কারণ হতে পারে।
প্রসঙ্গত, পুলিশের গুলিতে আহত নাফিজ সালাম (৩২) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের ঔদ্ধত্যপূর্ণ বাড়াবাড়ি বেড়ে গেছে। পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে যেন নাগরিকেরা দাসে রূপান্তরিত হয়ে গেছে এবং তারা সবাই দাস-মালিক। তাদের ভেতরে কোনো রকম চেইন অব কমান্ড কাজ করছে বলে মনে হয় না। বিশেষ করে একটি নির্দিষ্ট জেলা থেকে কেউ দায়িত্বে থাকে, তাদের ধারণার সৃষ্টি হয় তারা যেন সব কিছুর ঊর্ধ্বে, আইন তাদের স্পর্শ করতে পারবে না।
এই বক্তব্যের প্রতিবাদে ডিএমপি বলেছে, মিজানুর রহমান একটি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে থেকে একজন আসামির সঙ্গে আদালতের অনুমতি ছাড়া হাসপাতালে দেখা করতে গিয়েছেন। এতে আইন ও শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে, যা ভবিষ্যতে অন্যান্য নাগরিকের মধ্যে আইন লঙ্ঘনের প্রবণতা সৃষ্টি করতে পারে। নিষিদ্ধঘোষিত একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠনের আসামির বক্তব্যের ভিত্তিতে তাঁর একতরফা বক্তব্য প্রদান জঙ্গিবাদকে উৎসাহিত করতে পারে।
প্রতিবাদপত্রে বলা হয়, গত ১৭ অক্টোবর মোহাম্মদপুর ইকবাল রোডে জুমার নামাজ শেষে সরকারবিরোধী প্রচারপত্র বিতরণ করছিলেন হিযবুত তাহ্রীরের ২০-২৫ জন যুবক। নিবৃত্ত করার চেষ্টা করলে ওই যুবকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হয়। এতে হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য নাফিস গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করায়। নাফিসকে হাসপাতালে দেখতে গিয়ে মিজানুর রহমান পুলিশ বাহিনী নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা পরিহার করার আহ্বান জানিয়েছে ডিএমডি।
এ প্রসঙ্গে মিজানুর রহমান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, ‘আমার বক্তব্য নাকি জঙ্গিবাদকে উৎসাহিত করবে বলা হয়েছে। আমি সেদিন ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। সেখানে বিনা বিচারে একজনকে গুলি করা হয়েছে। আমি শুধু বলেছি, বিনা বিচারে যাতে কাউকে শাস্তি পেতে না হয়।’