মিজানুরের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলো প্রতিনিধি এবিএম মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ পালিত হয়েছে। বাউফলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আজ সোমবার দুপুর ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে মিজানুরের মুক্তি, বাউফলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকারসহ নির্যাতনকারী পুলিশ সদস্যদের বাউফল থেকে প্রত্যাহার এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বরিশাল ও পটুয়াখালী প্রেসক্লাবসহ জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, সহসভাপতি গোপাল সরকার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু জাফর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলামসহ অনেকেই।