মিজানুরের মৃত্যুর দিনকে ‘ইভ টিজিং প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কলেজশিক্ষক মিজানুর রহমান হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার শোকমিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। সভা-সমাবেশ থেকে মিজানুরের হত্যাকারীদের কঠোর শাস্তি এবং তাঁর মৃত্যুর দিনটিকে ‘ইভ টিজিং প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি জানানো হয়েছে।ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাগাতিপাড়ায় লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানের ওপর ১২ অক্টোবর হামলা চালায় বখাটেরা। গত শনিবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।আমাদের আঞ্চলিক অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল একটি শোকমিছিল বের করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে এতে অংশ নেন নাটোর এনজিও অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মহিলা পরিষদ ও আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।রাজশাহী: বাকশিস রাজশাহী মহানগর শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে নগরের আলুপট্টি এলাকা থেকে একটি মিছিল বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মিছিল শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে বাকশিস মহানগর শাখার সভাপতি রইস উদ্দিনের সভাপতিত্বে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা মিজানুর রহমানের মৃত্যুর দিনটিকে ‘ইভ টিজিং প্রতিরোধ দিবস’ ঘোষণা এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান।লালমনিরহাট: বাকশিস ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে শহরের মিশন মোড় চত্বরে গতকাল সকালে মানববন্ধন হয়। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে একটি মৌন মিছিল বের হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ কলেজ শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী ফ্রন্ট গতকাল সকালে শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিল শেষে কোর্ট চত্বরে সমাবেশে বক্তব্য দেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।কুড়িগ্রাম: কুড়িগ্রাম এনজিও অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল দুপুরে কুড়িগ্রাম-রংপুর সড়কে মানববন্ধন হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ইভ টিজিং প্রতিরোধবিষয়ক জেলা সমন্বয় কমিটির এক সভায় শিক্ষক মিজানুর হত্যার তীব্র নিন্দা জানানো হয়।বরিশাল: জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে নগরের সিটি কলেজে গতকাল সকালে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফ্রন্টের আহ্বায়ক মহসিন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফ্রন্টের নেতা সন্তোষ মুখার্জি, মজিবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে একটি মৌন মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পঞ্চগড়ে আলোচনা সভা: ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল পঞ্চগড় সরকারি মিলনায়তন থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। সভা শেষে সাংসদ ইভ টিজিং প্রতিরোধে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।