মিজানের জামিন হয়নি, ফের শুনানি ১৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের নির্যাতনের শিকার কারাবন্দী পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মিজানুর রহমান। ফাইল ছবি
পুলিশের নির্যাতনের শিকার কারাবন্দী পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মিজানুর রহমান। ফাইল ছবি

প্রথম আলোর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি মিজানুর রহমানের জামিন হয়নি। পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার আজ বুধবার তাঁর জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে ফের ১৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেছেন।
এর আগে জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে মিজানের অন্তবর্তীকালীন জামিনের আবেদনের ওপর ২৪ মার্চ শুনানি গ্রহণ করেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আদালত মিজানের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনকে একটি মেডিকেল বোর্ড গঠনের এবং একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বোর্ডকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এ ছাড়া আজ শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল।
পুলিশের নির্যাতনের শিকার মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা ২৯ মার্চ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়েছে। চার সদস্যের মেডিকেল বোর্ড মিজানুরের কাছ থেকে পুলিশের নির্যাতনের বর্ণনা শুনেছেন। দেখেছেন, তাঁর সারা শরীরের আঘাতের চিহ্ন। বোর্ডের সদস্যরা মিজানের বিভিন্ন পরীক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়ে ব্যবস্থাপত্র দিয়েছেন।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতের মাধ্যমে মিজানকে পাঠানো হয় কারাগারে।

এর আগে ২২ মার্চ পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এএসএম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে আদালত পটুয়াখালীর জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেন।

এদিকে, ২৩ মার্চ মিজানুর রহমানের বাবা আবদুস সালাম হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনে মিজানুরকে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালতের নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২৪ মার্চ মিজানকে পুলিশি হেফাজতে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে নির্যাতনের জন্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তাও জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পটুয়াখালী জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার, কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি প্রধান, ওই পুলিশ ফাঁড়ির এএসআই হালিম খান ও শফিকুল ইসলামকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।