মিজানের লাশ এখন নাইক্ষ্যংছড়িতে, জানাজা কাল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিহত সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ আজ রোববার নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরে ময়নাতদন্ত করা হবে।
বিজিবির চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী আজ বেলা একটার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাশটি ফেরত দেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ নাইক্ষ্যংছড়ি নিয়ে আসা হয়েছে। কাল জানাজা শেষে মিজানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে পাঠানো হবে। নিহত এই নায়েক সুবেদারের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

সৈয়দ আহমদ আরও জানান, ৫ জুন মিয়ানমারের মংডুতে উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। বৈঠকে সাম্প্রতিক কালের সীমান্তে উত্তেজনা, গুলিবিনিময় ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়ে আলোচনা হবে।
সীমান্তের স্থানীয় সূত্র জানিয়েছে, সীমান্তে গোলাগুলি বন্ধ হলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ বলেছেন, মিয়ানমার ওপারে সেনাবাহিনী মোতায়েন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এর আগে সীমান্তে গুলিবর্ষণ ও বিজিবি সদস্যের লাশ ফেরত না দেওয়ায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে গতকাল সকালে ফের তলব করা হয়। গত বৃহস্পতিবারও তাঁকে তলব করা হয়েছিল।
বিজিবি মহাপরিচালক গতকাল সংবাদ সম্মেলনে বলেন, গত বুধবার নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল পাইনছড়ি এলাকার ৫২ নম্বর বর্ডার পিলার (বিপি) এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কোনো প্ররোচনা ছাড়াই মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়। সম্পূর্ণ উসকানিমূলক মিয়ানমারের সীমান্তরক্ষীরা বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। টহল সদস্যরা এ সময় পিছু ফিরে এলেও নায়েক সুবেদার মিজান নিখোঁজ হন। পরে আরও সদস্য সেখানে যুক্ত হওয়ার পর পাইনছড়ির ৫২ নম্বর পিলারের কাছে গিয়ে দেখা যায়, সেখানে গুলি লেগে নষ্ট হওয়া একটি মোবাইল ফোন পড়ে আছে, আর রক্তের ধারা চলে গেছে মিয়ানমারের দিকে। এরপর মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে নিখোঁজ নায়েক মিজানকে ফেরত চাওয়া হয়। কিন্তু তারা কোনো রকম সাড়া দিচ্ছিল না। বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের একপর্যায়ে গত বৃহস্পতিবার তারা জানায়, তাদের কাছে একটি মৃতদেহ আছে। সে মৃতদেহ ফেরত চাইলে তারা শুক্রবার বেলা তিনটার দিকে ৫২ নম্বর পিলারের কাছে যেতে বলে। বিজিবির একটি দল সেখানে গেলে তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। একপর্যায়ে তারা ভারী মর্টার শেল থেকে গোলা নিক্ষেপ করে। জবাবে বিজিবিও পাল্টা গুলি ও শেল ছোড়ে। এ সময় চারজন বিজিবি সদস্য নিখোঁজ হন। এঁদের দুজনকে রাতেই পাওয়া যায়। বাকি দুজনকে আহত অবস্থায় সকালে উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমার সীমান্তের তমব্রু ভেন্ডুলা (নাইক্ষ্যংছড়ির বিপরীতে), বলিবাজার থেকে মংডু শহর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার সীমান্তে অস্ত্রশস্ত্র মজুত করছে সেনারা। সেখানে রোহিঙ্গা নাগরিকদের নজরদারিতে রাখা হচ্ছে৷ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ১৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।