মিজারুল কায়েসের জানাজা অনুষ্ঠিত

সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েসের জানাজা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাজায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রসচিব এম শহীদুল হক এবং বর্তমান ও সাবেক কূটনীতিকেরা। শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সব শ্রেণি-পেশার লোকজন তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব মিজানুর রহমান, সাবেক সচিব আবু আলম শহীদ খান প্রমুখ মিজারুল কায়েসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ আসর গুলশান আজাদ মসজিদে মিজারুল কায়েসের দ্বিতীয় জানাজা হয়। আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামের বাড়িতে জানাজার পর তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। ১১ মার্চ ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল কায়েস।
২০১৪ সাল থেকে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তিনি রাশিয়া, যুক্তরাজ্য ও মালদ্বীপেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিব ছিলেন।