মিটফোর্ড এলাকা থেকে ৪ কোটি টাকার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর সঙ্গে জড়িত থাকায় চন্দন দাস ও ফজলুল হক নামের দুই ওষুধ ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, মিটফোর্ড এলাকায় ১২টি ওষুধের দোকানে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। এসব দোকান থেকে প্রায় চার কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে সরকারি বিনা মূল্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া এসব দোকান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের গরু মোটাতাজা করার ওষুধও জব্দ করা হয়। জব্দ হওয়া ওষুধের অর্ধেকই পাওয়া যায় চন্দন দাসের মালিকানাধীন আলপনা মেডিকেল হল ও ফজলুল হকের তিতাস মেডিকেল হল নামের দুটি দোকান থেকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, কোরবানির আগে অসাধু ব্যবসায়ীরা গরু মোটাতাজা করার ওষুধ মজুত করছেন, এমন তথ্যের ভিত্তিতে এসব দোকানে অভিযান চালানো হয়। শনিবারও মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকটি খামারে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের গরু মোটাতাজা করার ওষুধ জব্দ করে একজনকে কারাদণ্ড দেওয়া হয়।