মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে কাল শনিবারও এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তাঁরা৷
গতকাল বুধবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়৷ প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটায় ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থী৷ এ সময় তাঁরা আবাসনসংকট নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন৷ শিক্ষার্থীরা জানান, নার্সিং ইনস্টিটিউটে আবাসনসংকটের মধ্যে দুটি ছাত্রীনিবাসের ১২টি কক্ষে বাস করছেন মিটফোর্ড হাসপাতালের স্টাফ নার্সরা। অথচ গাদাগাদি করে থাকছেন ছাত্রীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসাইন বলেন, গতকাল বেলা তিনটায় ধর্মঘট চলাকালে দাবি বিবেচনার আশ্বাস দেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রায়ান বঙ্কিম হালদার৷ তিনি বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলোচনা করবেন বলে জানান৷ কোনো ইতিবাচক ফলাফল না পেলে কাল শনিবারও অবস্থান ধর্মঘট পালন করা হবে৷
ব্রায়ান বঙ্কিম হালদার গতকাল বলেন, মিটফোর্ড হাসপাতালের স্টাফ নার্সদের হোস্টেলেই নার্সিং ইনস্টিটিউট চালু করা হয়েছিল৷ এখন এই হোস্টেল ফেরত চান হাসপাতালের স্টাফ নার্সরা৷ অন্যদিকে ছাত্রীনিবাস থেকে স্টাফ নার্সদের স্থানান্তরে আন্দোলন করছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা৷ বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে৷ তারাই এ বিষয়ে করণীয় ঠিক করবে৷