মিটফোর্ডে ২৫ লাখ টাকার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার নকল ও নিবন্ধনবিহীন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি ফার্মেসিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ আদালত পরিচালনা করেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যা বের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মিটফোর্ড রোডের হাবিব মেডিসিন মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় এই মার্কেটের ক্রিস মেডিকেল হল থেকে ৬৭ ধরনের নিবন্ধনবিহীন ওষুধ জব্দ করা হয়। দোকান মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে আকমল খান রোডের আলী মেডিসিন মার্কেটে অভিযান চালানো হয়। এই মার্কেটের মেসার্স জগতবন্ধু মেডিসিন হল থেকে অনুমোদনহীন ১২০টি আমলকী প্লাস ফাইল জব্দ ও মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা এসব ওষুধের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযান শেষে এসব ওষুধ মাতুয়াইলে ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়েছে।