মিটফোর্ড আজও অচল, ফিরে যাচ্ছেন রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিত্সার আশায় গিয়ে আজও হতাশ হয়ে ফিরতে হয়েছে রোগীদের। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তোলা। ছবি : মনিরুল আলম।
চিকিত্সার আশায় গিয়ে আজও হতাশ হয়ে ফিরতে হয়েছে রোগীদের। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তোলা। ছবি : মনিরুল আলম।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো চিকিত্সাসেবা বন্ধ রয়েছে। চিকিত্সা নিতে সকাল থেকে আসা রোগীরা ফিরে যাচ্ছেন।
হাসপাতালসংলগ্ন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হলত্যাগ করছেন কলেজটির শিক্ষার্থীরা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধর প্রথম আলো ডটকমকে বলেন, ‘হাসপাতাল এলাকায় বিশৃঙ্খলা এড়াতে আমরা কলেজ বন্ধ ঘোষণা করে ছাত্রদের হলত্যাগের নির্দেশ দিয়েছি।’
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের একজন রোগীর রক্ত পরীক্ষা নিয়ে গত সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিত্সক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরোধ দেখা দেয়। ওই রাতে ও মঙ্গলবার এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, মারধরের ঘটনায় মঙ্গলবার ও গতকাল চিকিত্সাসেবা প্রায় বন্ধ ছিল। এ ঘটনায় দায়ী কর্মচারীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন শিক্ষানবিশ চিকিত্সকেরা। ক্লাস বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে গতকাল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
গত দুই দিনের মতো আজ সকাল থেকে হাসপাতালটির জরুরি বিভাগ, অস্ত্রোপচারসহ প্রায় কোনো বিভাগেই কার্যক্রম চলছে না। চিকিত্সক ও ইন্টার্ন চিকিত্সকেরা কাজে যোগ দেননি। চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও হাসপাতালে প্রবেশ করেননি।
আন্দোলনরত চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিত্সকদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ছাড়া করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকার যদি আমাদের নিরাপত্তা দেয়, তবে আমরা কাজে যোগ দেব। আমরা কাজ করতে চাই।’