মিটফোর্ড হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ, কাজকর্ম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটফোর্ড হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক এক কর্মচারীকে চড় মেরেছেন, এমন অভিযোগ এনে হাসপাতালের কর্মচারীরা গতকাল কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। তাঁরা ওই কর্মকর্তার অপসারণেরও দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতালের কর্মচারীদের অভিযোগ, গত সোমবার রাতে হাসপাতাল পরিদর্শনের সময় উপপরিচালক ডা. আবুল হাসেম খান এক কর্মচারীকে চড় মারেন। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে হাসপাতালের কর্মচারীরা কাজকর্ম বন্ধ করে দেন। তাঁরা হাসপাতালের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। পরে সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের পরিচালক এ কে এম ফরিদুজ্জামান এসে কর্মচারীদের সঙ্গে কথা বললে তাঁরা কাজে ফিরে যান। হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, রাত্রিকালীন দায়িত্বের সময় অনেক কর্মচারী খাতায় স্বাক্ষর করে বাসায় চলে যান। তাঁরা দায়িত্ব পালন করেন না। এ অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শনের সময় এক কর্মচারীকে তিনি বকাঝকা করেন।