মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মহিলা শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা ও হাসপাতাল এলাকা মাদকমুক্ত করার দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। আজ বুধবার সকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানানো হয়।
এদিকে, এ কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
জানা গেছে, গত সোমবার গভীর রাতে মিটফোর্ড হাসপাতাল এলাকায় শিক্ষানবিশ মহিলা চিকিৎসকদের হোস্টেলের পেছনের গ্রিল কেটে দুর্বৃত্তরা হোস্টেলে প্রবেশের চেষ্টা করে। চিকিৎসকেরা টের পেয়ে তাঁদের ধাওয়া করেন। এ ঘটনায় আজ সকালে হাসপাতালে তাঁরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারী শিক্ষানবিশ চিকিৎসকেরা মহিলা শিক্ষানবিশ চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা এবং হাসপাতাল এলাকা মাদকমুক্ত ও বখাটেদের অবাধ বিচরণ বন্ধের দাবিতে আজ সকাল থেকে ১৮৪ জন চিকিৎসক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবেন বলে ঘোষণা দেন।
মহিলা হোস্টেলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষানবিশ চিকিৎসক জানান, হোস্টেলে তাঁরা নিরাপত্তাহীনতায় আছে। এ ছাড়া হাসপাতাল এলাকায় সন্ধ্যা না হতেই মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। রাতে হাসপাতালে আসা যাওয়া করতে ভয় লাগে। তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ যদি মেয়েদের নিরাপত্তা দিতে না পারে তবে তাঁরা চিকিৎসা সেবা দেবেন কীভাবে?
এর ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে (পুরুষ) চিকিৎসাধীন আইয়ুব আলীর স্ত্রী সানোয়ারা বেগম জানান তাঁর স্বামীর ডায়রিয়া হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ভর্তি করা হয়। রাতে ইন্টার্ন চিকিৎসক থাকলেও আজ সকাল থেকে তাঁরা কেউ তাঁর স্বামীকে চিকিৎসা সেবা দিতে আসেননি।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান সাংবাদিকদের বলেন, হাসপাতাল এলাকায় নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত বাতি লাগানো হচ্ছে। সার্বিক নিরাপত্তা ও হাসপাতালের অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় সাংসদের সঙ্গে বৈঠক করে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। ধর্মঘট বিষয়টি সমাধানের জন্য ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে।