মিটফোর্ড হাসপাতালের নার্সের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স শিখা রানী দাসের মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
গতকাল বুধবার মিটফোর্ড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিখা রানী একটি কন্যাসন্তানের জন্ম দেন। এর পরপরই তাঁর অবস্থার অবনতি ঘটায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর সন্তান সুস্থ আছে বলে হাসপাতাল সূত্র জানায়। এদিকে, চিকিত্সায় গাফিলতিতে শিখার মৃত্যু হয়েছে—এমন অভিযোগে তাঁর সহকর্মীরা গতকাল রাতে অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিত্সকের সনদ বাতিল ও শাস্তির দাবিতে কাজ ফেলে বিক্ষোভ করেন। পরে হাসপাতালের পরিচালক এসে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিলে তাঁরা আবার কাজে ফিরে যান।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান প্রথম আলো ডটকমকে বলেন, একজন অধ্যাপককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে পরিচালক তদন্ত কমিটি সদস্যদের নাম জানাতে অনীহা প্রকাশ করেন।
শিখা রানীর মৃত্যুর পর তাঁর স্বামী নীহার রঞ্জন মিত্র হতবিহ্বল হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, সুস্থ অবস্থায় স্ত্রীকে তিনি হাসপাতালে নিয়ে এসেছিলেন। অস্ত্রোপচারের কক্ষে ঢোকার আগ পর্যন্ত তিনি হাসিখুশি ছিলেন।
নীহার আরও বলেন, তিনি কোনোভাবেই এ মৃত্যু মেনে নেবেন না।
শিখা সপরিবারে পুরান ঢাকার বাদামতলী লেনে থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালের চরকাউয়ায়।