মিটফোর্ডে ইন্টার্ন চিকিত্সকেরা কর্মবিরতিতে
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকেরা আজ মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। এতে রোগীদের চিকিত্সাসেবা ধীরগতিতে সম্পন্ন হচ্ছে।
এদিকে দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে ইন্টার্ন চিকিত্সকেরা মিছিল ও কালো ব্যাজ ধারণ করেন।
১৯ এপ্রিল হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় একুশে টিভি ও এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধর করা হয়। এ খবর পেয়ে একুশে টিভি থেকে আরও দুজন রিপোর্টার ও ক্যামেরাম্যান ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয় এবং সঙ্গে থাকা মুঠোফোন ও ক্যামেরা ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে হাসপাতালের পরিচালক ও চারজন ইন্টার্ন চিকিত্সকের বিরুদ্ধে গতকাল রোববার ইটিভির পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। আসামিরা হলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ইন্টার্ন চিকিত্সক শাহিন, শাওন, শোয়েব ও নাইম। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী পুলিশের গোয়েন্দা শাখাকে ঘটনার তদন্ত করে ১১ মে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিত্সক শোয়াইব-উল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিত্সক জানান, ইন্টার্ন চিকিত্সকেরা কাজে যোগ না দেওয়ায় চিকিত্সাসেবা ধীরগতিতে চলছে।
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. আবু ইউসুফ বলেন, আজ সকাল থেকে ২৫৪ জন সরকারি চিকিত্সক হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজ করছেন। তবে এখনো ইন্টার্ন চিকিত্সকেরা কোনো বিভাগে কাজে যোগ দেননি।
মামলা
আদালতে করা মামলায় বলা হয়েছে, ১৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার সময় মিটফোর্ড হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় ওই হাসপাতালের পরিচালক মো. জাকির হাসানের উপস্থিতিতে এবং তাঁর উসকানিতে উচ্ছৃঙ্খল ইন্টার্ন চিকিত্সকেরা একুশে টিভি ও এটিএন নিউজের সাংবাদিকদের মারধর করেন এবং তাঁদের জিম্মি করে টেলিভিশনে পরিবেশিত সংবাদ প্রচার বন্ধে বাধ্য করেন। এ সংবাদ পাওয়ার পর একুশে টিভি থেকে আরও দুজন রিপোর্টার ও ক্যামেরাম্যান ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয় এবং সঙ্গে থাকা মুঠোফোন ও ক্যামেরা ভেঙে ফেলেন আসামিরা।
আটক সাংবাদিকদের কোনো খোঁজ না পেয়ে বার্তা সম্পাদক ইব্রাহীম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে আসামিরা তাঁদের সঙ্গেও অশোভন আচরণ করেন। একই সঙ্গে সেখানে কোনো ঘটনা ঘটেনি মর্মে তাঁদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। অভিযোগ করা হয়, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুর করে একুশে টিভির ১৬ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।