মিটফোর্ডে চিকিত্সাসেবা আজও বন্ধ, খাবার পাননি রোগীরা
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে আজ বুধবারও চিকিত্সাসেবা বন্ধ রয়েছে। শিক্ষানবিশ চিকিত্সকদের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ সকালে খাবার দেওয়া হয়নি রোগীদের। বহির্বিভাগ ও জরুরি বিভাগের টিকিট কাউন্টারও বন্ধ রয়েছে। চিকিত্সা না পেয়ে রোগীরা ইতিমধ্যে হাসপাতাল ছাড়তে শুরু করেছেন।
এদিকে সকাল থেকে হাসপাতাল এলাকায় শিক্ষানবিশ চিকিত্সকেরা লাঠিসোঁটা ও রড নিয়ে দফায় দফায় মহড়া দিচ্ছেন। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে হাসপাতাল এলাকায় চিকিত্সা নিতে আসা রোগীদের ধাওয়া করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
একজন রোগীর রক্ত পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিত্সক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরোধ দেখা দেয়। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে লাঠিসোঁটা নিয়ে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া, চিত্কার-চেঁচামেচি, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।
হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিত্সাধীন হোসনেয়ারা বেগম অভিযোগ করেন, ‘চিকিত্সাধীন রোগীদের চিকিত্সা তো দূরের কথা দুই দিন ধরে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। হাসপাতালে চিকিত্সাধীন রোগীরা খাবারের জন্য বাবুর্চিখানায় ভিড় করলেও সেখান থেকে তাঁদের খাবার না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক সহদেব রাজবংশী জানান, ‘ভোরেই আমি হাসপাতালে চলে আসি, তবে জনবলের অভাবে রোগীদের চিকিত্সাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’ তিনি আরও বলেন, আতঙ্কে রোগীরা হাসপাতালে আসছেন না।
এদিকে হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টিভি চ্যানেল আই-এর ক্যামেরাম্যান জসিম উদ্দিনকে টানাহেঁচড়া করে তাঁর ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় শিক্ষানবিশ চিকিত্সকেরা জসিম উদ্দিনকে মারধর করার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ তাঁকে উদ্ধার করে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মাহবুবুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিষয়টি সুরাহা করার জন্য আন্দোলনরত শিক্ষানবিশ চিকিত্সক ও কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।