মিটফোর্ডে চিকিত্সাসেবা বন্ধ

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাসেবা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগে কাজ চলছে ঢিমেতালে। অনেক রোগী চিকিত্সা না পেয়ে ফিরে যাচ্ছে।
শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে ঘটনা তদন্তে কলেজের অধ্যাপক শরীফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রোগীর পরীক্ষা প্রতিবেদন নিয়ে গতকাল সোমবার গভীর রাতে একজন শিক্ষানবিশ চিকিত্সকের সঙ্গে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ খবর শুনে রাত তিনটার দিকে বেশ কয়েকজন শিক্ষানবিশ চিকিত্সক ঘটনাস্থলে গিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। তখন কর্মচারীরাও প্রতিরোধ গড়ে তোলেন। রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আজ সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষানবিশ চিকিত্সকেরা জড়ো হয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কলোনিতে গিয়ে হামলা ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এরপর চতুর্থ শ্রেণীর দায়ী কর্মচারীদের বিচারের দাবিতে শিক্ষানবিশ চিকিত্সকেরা হাসপাতাল এলাকায় বিক্ষোভ করতে থাকেন। এ ছাড়া চিকিত্সাসেবা থেকে তাঁরা বিরত থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে অন্য চিকিত্সকেরাও আতঙ্কিত হয়ে পড়েন। চিকিত্সাসেবা বন্ধ করে তাঁরা নিরাপদ জায়গায় অবস্থান নেন। এতে হাসপাতালে চিকিত্সাসেবা বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে রোগীরা।
ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে আলোচনা করেছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গেও আলোচনা চলছে।
কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার জানান, মিটফোর্ড হাসপাতাল এলাকায় পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছ। ছাত্র ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন দাস জানান, দোষী কর্মচারীদের শান্তি না দেওয়া পর্যন্ত ইন্টার্নি চিকিত্সকসহ সব চিকিত্সক সেবা প্রদান বন্ধ রাখবেন।