মিটফোর্ডে শিক্ষানবিশ চিকিত্সকদের কর্মবিরতি চলছেই
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিত্সকেরা তৃতীয় দিনের মতো আজ বুধবারও কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির কারণে রোগীরা আজও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহে গিয়ে মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিত্সকদের হামলার শিকার হন একুশে টিভির কয়েকজন সাংবাদিক। একুশে টেলিভিশন কর্তৃপক্ষ এ ঘটনায় একটি মামলা করে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার দুপুর থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিত্সকেরা।
একুশে টেলিভিশন কর্তৃপক্ষের করা মামলা মিথ্যা বলে দাবি করেছেন শিক্ষানবিশ চিকিত্সকেরা। ওই মামলা প্রত্যাহারের দাবিতে আজ বেলা দুইটার দিকে হাসপাতাল চত্বরে তাঁরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধরসহ বেশ কয়েকজন চিকিত্সক অংশ নেন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শাখার ছাত্রলীগ সভাপতি ও শিক্ষানবিশ চিকিত্সক শোয়াইব-উল-ইসলাম জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে।