মিটফোর্ডে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সভা কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ, শিক্ষানবিশ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসক প্রতিনিধিদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষানবিশ নারী চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতাল এলাকায় মাদক ও বখাটে মুক্ত করার দাবিতে গতকাল বুধবার সকালে ধর্মঘট ডাকেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। প্রায় ৩০ ঘণ্টা পর এ ধর্মঘট প্রত্যাহার করা হলো।
আজ দুপুরে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য দেন লালবাগের সাংসদ হাজি মো. সেলিম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান, কলেজের উপাধ্যক্ষ জে এম এ শাখাওয়াত, চিকিৎসক মিজান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন, শিক্ষানবিশ চিকিৎসক সৈয়দা নাবিলা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল কামাল প্রমুখ।
সভায় চিকিৎসক মিজান বলেন, বর্তমানে হাসপাতাল এলাকায় মাদকসেবী ও বখাটেদের আড্ডা বেড়েছে। এগুলো নির্মূলের দরকার। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের স্বার্থে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো দরকার।
সভায় শিক্ষানবিশ চিকিৎসক সৈয়দা নাবিলা বলেন, ‘আমাদের হোস্টেল ও কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে নিরাপত্তাহীনতায় রয়েছি। এসব বিষয় হাসপাতালের কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় আমরা ভয়ভীতির মধ্যে কাজ করছি। আমাদের নারী শিক্ষানবিশ চিকিৎসকদের স্বার্থে হাসপাতাল ও হোস্টেল এলাকায় বখাটে ও মাদকসেবীদের উৎখাত করা উচিত।’ একই সঙ্গে এসব এলাকায় আনসার ক্যাম্প স্থাপনেরও দাবি জানান তিনি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানবিশ চিকিৎসক ফয়সাল কামাল বলেন, স্থানীয় সাংসদ ও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
লালবাগের সাংসদ সদস্য হাজি মো. সেলিম বলেন, শিক্ষানবিশ চিকিৎসকেরা যে সব দাবি করেছে সেগুলো পূরণ করা হবে। আজ থেকে হাসপাতাল এলাকা নিরাপত্তা ব্যবস্থা করা হবে। এলাকায় প্রতিনিয়ত পুলিশ টহল জোরদার করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে নারী শিক্ষানবিশ চিকিৎসকদের হোস্টেলের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদে এবং হাসপাতাল এলাকায় আনসার ক্যাম্প স্থাপনের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ ১৮৪ জন চিকিৎসক গতকাল সকাল থেকে ধর্মঘটের ডাক দেয়।