মিটফোর্ডের গন্ধবণিকেরা
বাবুবাজারের ভিড়ভাট্টা ঠেলে ডানে মিটফোর্ড রোডে ঢুকতেই মিষ্টি গন্ধ এসে নাকে লাগে। কেমন চেনা চেনা সুঘ্রাণ। একটু এগোলেই আবার গন্ধটা কেমন পাল্টে যায়।
বাবুবাজার মোড় থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত পথের দুই ধারে পারফিউম আর রাসায়নিকের অনেক দোকান। ব্যস্ত গলিটার বাতাসে মিশে থাকা ঝাঁজালো-মিষ্টি গন্ধের উৎস।
গত শতকের চল্লিশের দশকে অবাঙালি ব্যবসায়ীদের হাত ধরে ঢাকায় সুগন্ধির ব্যবসা শুরু। দ্রুত বাজার জমে ওঠায় মাদ্রাজ, করাচি ও বিহারের কয়েকজন গন্ধবণিক পাড়ি জমান বঙ্গদেশে। শৌখিন ঢাকাবাসীর সুগন্ধির জোগান আসতে থাকে মিটফোর্ড এই সরু গলির তিন-চারটি দোকান থেকে।
মধ্যে কেটে গেছে অনেকটা সময়। বাংলাদেশ কেমিকেলস অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেল, বাবুবাজার-মিটফোর্ড এলাকায় এখন সুগন্ধির দোকানের সংখ্যা শ দেড়েক। সবই নন-অ্যালকোহল সুগন্ধির দোকান। এখনকার ব্যবসায়ীদেরও প্রায় সবাই বাঙালি। তবে সুগন্ধি আর ঢাকায় এই ব্যবসার শুরুর কথা জানতে চাইলে এখনকার ব্যবসায়ীরা দেখিয়ে দিলেন সেই পুরোনো ব্যবসায়ীদের। মজিদ পারফিউমারি হাউজের আবদুল মজিদ মোল্লা বলেন, ‘ওটিস-খুশবু তে যান। ওগো দেইখাই অহন সবাই ব্যবসায়ী। হেরাই সব থেইক্যা ভালো জানে।’
মিটফোর্ড এলাকায় প্রথম সুগন্ধির দোকান ওটিস পারফিউম হাউজ। মাদ্রাজের বাসিন্দা কে পি মোহাম্মাদ ১৯৪৫ সালে এর গোড়াপত্তন করেন। মোহাম্মাদের বাবার সুগন্ধির ব্যবসা ছিল কলকাতায়। ঢাকার এক ব্যবসায়ীর কাছে সুগন্ধির দাম বাকি পড়ে ছিল। সেই পাওনা টাকা আদায়েই মোহাম্মাদ ঢাকায় আসেন। কিন্তু টাকা ফেরত পাননি। তার বদলে মাল ফেরত নিয়ে নিজেই একটি অস্থায়ী দোকানে সুগন্ধি বিক্রি শুরু করেন। ব্যবসা জমে উঠলে এখানেই থিতু হন। এখন তাঁর নাতিরা ওটিসের হাল ধরেছেন। এখনকার মালিকদের একজন কে পি আরিফ আলি শোনালেন ব্যবসা শুরুর এই গল্প।
৬ মিটফোর্ড রোডে যাত্রা শুরু করেছিল ওটিস। মূল কার্যালয় এখানেই আছে। পাশাপাশি গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্সে তাদের আরেকটি শাখা রয়েছে। মূলত আতর তৈরি করে তারা। এ ছাড়া এসেন্স আর আগরবাতিও আছে তাদের। আরিফ বলেন, ‘মসজিদের সামনের দোকান থেকে শপিং মল, সারা বাংলাদেশে যেকোনো সুগন্ধির দোকানে আমাদের কোনো না কোনো প্রোডাক্ট পাবেন।’
নিজেদের তৈরি ও দেশের বাইরে থেকে আমদানি করা কাঁচামাল থেকে ওটিসের সুগন্ধিগুলো তৈরি হয়। এখন ২০ থেকে ২৫ ধরনের আতর তৈরি হয়। তাদের সবচেয়ে জনপ্রিয় আতর হচ্ছে ‘দরবার’ আর ‘কস্তুরি’। প্রতি শিশি যথাক্রমে ৩০ ও ২০ টাকা। আরিফ বলেন, খুব কম দামে খুব ভালো মানের সুগন্ধি বিক্রি করেন তাঁরা।
পাশের আরেক সুগন্ধির দোকান ফারহান পারফিউমস। স্বত্বাধিকারী সরফরাজ আহমেদ শুরুতেই বলে দিলেন সুগন্ধি বিক্রি তাঁর ব্যবসা নয়, বরং আবেগের জায়গা। মধ্যবয়সী সরফরাজের পূর্বপুরুষেরা ছিলেন লক্ষ্ণৌর অধিবাসী। তিনি আরও বলেন, ১৯৬০ সালে যখন তাঁর পরিবার লক্ষ্ণৌ আতর ফ্যাক্টরি নাম নিয়ে প্রতিষ্ঠানটির শুরু করে, তখন মিটফোর্ড এলাকায় সুগন্ধির দোকান ছিল চারটি। পরে দোকানের নাম রাখা হয় খুশবু পারফিউম হাউজ। ঢাকা আর লাহোরে তাঁদের ব্যবসা ছিল। পাকিস্তানে সরফরাজের জ্ঞাতিরা এখনো খুশবু পারফিউম হাউজ নামেই ব্যবসা চালাচ্ছেন।
ফারহান পারফিউমসেও মূলত আতর বিক্রি হয়। তবে সেগুলো তাদের নিজেদের তৈরি নয়। ভারত, স্পেন আর ফ্রান্স থেকে সুগন্ধি আমদানি করে নিজেরা সেটার নাম ঠিক করে ও বোতলজাত করে বিক্রি করে। তাদের সবচেয়ে দামি আতরের দাম ১০০ টাকার মধ্যে।
সুগন্ধি তৈরির প্রক্রিয়া সংক্ষেপে জানালেন সরফরাজ। বলেন, অনেক রাসায়নিক মিশিয়ে একটি গন্ধ তৈরি হয়। একবার ঠান্ডা আর একবার গরম কম্প্রেসারে তরলগুলো রাখা হয়। বারবার শুঁকে দেখা হয় ঠিক গন্ধটা এল কি না। কাঙ্ক্ষিত গন্ধ পেতে অনেক সময় ৫০ থেকে ৬০ ধরনের উপকরণ ব্যবহৃত হয়।
নতুন-পুরোনো ব্যবসায়ীদের সবাই বলেন, সুগন্ধির ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে গেছে। অন্যদিকে, ব্র্যান্ডিং আর কম দামের কারণে বডি স্প্রের দিকে ঝুঁকছেন তরুণেরা। মূলত বয়স্ক-ধর্মপ্রাণ মানুষেরাই আতরের ক্রেতা।
পড়তির কারণে বাইরে থেকে আসা গন্ধবণিকদের সাকল্যে ১৫ জন এখন এই ব্যবসায় টিকে আছেন। যাঁরা আছেন, তাঁদের পরিবারের একাংশ এখন ভারত কিংবা পাকিস্তানবাসী। কী কারণে থেকে গেলেন? সরফরাজ বলেন, ‘এখানকার একটা টান আছে। যেখানেই যাই, এই টানে ফিরে আসি। এখন এটাই আমার দেশ।’