মিটফোর্ডের ফটকে গরুর হাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে গরুর হাট ষ ছবি: প্রথম আলো
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে গরুর হাট ষ ছবি: প্রথম আলো

পুরান ঢাকার নয়াবাজার এলাকার কোরবানির পশুর হাট নিজস্ব গণ্ডি ছাড়িয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ফটক পর্যন্ত ছড়িয়ে গেছে। ফলে ওই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে মিটফোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, নয়াবাজার গরুর হাট মিটফোর্ড, ইসলামপুর, ডিসিসি রোড এলাকার সড়কগুলোতে ছড়িয়ে গেছে। কোরবানির পশু বেঁধে রাখায় এসব সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। হাসপাতালের জরুরি বিভাগের সামনের প্রধান ফটক, দ্বিতীয় ও তৃতীয় ফটকেও গরু বেঁধে রাখা হয়েছে। ফলে হাসপাতালে রোগী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা গত বৃহস্পতিবার থেকে আসা-যাওয়া করতে নানা ধরনের দুর্ভোগের মুখে পড়ছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা ওবায়দুল মিয়া বলেন, ‘তাঁর মেয়ে সাথী আক্তার প্রসূতি। তাঁর জরুরি চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে নয়াবাজার পর্যন্ত গিয়ে আর যেতে পারিনি। সেখান থেকে পরে হেঁটে হাসপাতালে পৌঁছেছি।’
বহির্বিভাগে টিকিট কাউন্টারে কর্তব্যরত মো. মনির হোসেন জানান, গতকাল প্রায় এক হাজার ৭০০ রোগী চিকিৎসার জন্য এসেছেন। অথচ প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল এলাকায় গরুর হাট বসানোর কারণে রোগী আসতে পারছে না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান প্রথম আলোকে বলেন, বিষয়টি বংশাল ও কোতোয়ালি থানা এবং স্থানীয় সাংসদকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
দৃষ্টি আকর্ষণ করা হলে নয়াবাজার পশুর হাটের পরিচালনা কমিটির একজন সাইজউদ্দিন মিয়া বলেন, ‘হাসপাতালের সামনে গরু রাখতে ব্যাপারীদের মানা করা হয়েছে। কিন্তু তাঁরা আমলে নিচ্ছেন না। আমরা সেখান থেকে গরু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’